১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৮:৫৯ অপরাহ্ন


দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৯ ১৭:২৬:২৭
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী ছবি: সংগৃহীত


বর্তমান মজুত দিয়ে দেশে আরও আনুমানিক ১২ বছর গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

মন্ত্রী জানান, দেশে উত্তোলনযোগ্য মোট গ্যাসের মজুত ছিল ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে গত ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। বর্তমানে অবশিষ্ট মজুত ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং দৈনিক ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে এই মজুত দিয়ে আগামী ১২ বছর চলা সম্ভব।

গ্যাস সংকট নিরসনে সরকারের তৎপরতা তুলে ধরে তিনি আরও বলেন, পেট্রোবাংলার অধীনে ১০০টি কূপ খননের মহাপরিকল্পনা এগিয়ে চলছে, যার মধ্যে ২৬টির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া বাপেক্সসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে ভোলা, জামালপুর ও সিলেটসহ দেশের বিভিন্ন ব্লকে ২ডি ও ৩ডি সাইসমিক সার্ভে বা জরিপ কার্যক্রম জোরদার করা হয়েছে যাতে নতুন নতুন খনির সন্ধান পাওয়া যায়।