১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০১:১৬:৫৮ পূর্বাহ্ন


প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৬:৪৩:২৭
প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী ছবি: সংগৃহীত


দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষা চালুর ঘোষণা দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রী জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘গুচ্ছভিত্তিক’ (ক্লাস্টার) পদ্ধতিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই ব্যবস্থায় সংগীত প্রশিক্ষকেরা নির্দিষ্ট কোনো একটি স্কুলে সীমাবদ্ধ না থেকে একটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের পাঠদান করবেন। প্রতিটি জেলা ও উপজেলায় স্কুলপর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার আদলে দেশজুড়ে সংগীত প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনাও রয়েছে সরকারের।

অতীতের সিদ্ধান্ত প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের বিষয়টি মূলত সীমাবদ্ধতা ও দায়বদ্ধতার অভাবে হয়েছিল। তাদের সব সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত না হলেও কিছু সিদ্ধান্ত এড়িয়ে যাওয়া যেত বলে তিনি মন্তব্য করেন। বর্তমান নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব প্রতিষ্ঠানে সংগীত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।