১২ অক্টোবর ২০২৬, সোমবার, ০২:০২:২৯ পূর্বাহ্ন


কবর খনন করেছেন ৮৫৮ টি, নেননি পারিশ্রমিক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০১ ১৫:৪৬:১৯
কবর খনন করেছেন ৮৫৮ টি, নেননি পারিশ্রমিক ছবি: সংগৃহীত


সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের এক অনন্য দৃষ্টান্ত ৬৫ বছর বয়সী কৃষক মোহাম্মদ আলী। বিত্ত নয়, বরং প্রবল ইচ্ছাশক্তি ও সেবার মানসিকতা নিয়ে গত ৪৩ বছর ধরে তিনি বিনা পারিশ্রমিকে মৃত ব্যক্তিদের কবর খনন করে আসছেন। এখন পর্যন্ত প্রায় ৮৫৮টি কবর খনন করেছেন তিনি, যার মধ্যে ৬০৮টি কবরের তথ্য তার কাছে সংরক্ষিত আছে।

পেশায় সাধারণ কৃষক মোহাম্মদ আলী কেবল কবর খননেই সীমাবদ্ধ নন; নিজের জমিতে মসজিদ নির্মাণ এবং অসহায়দের জন্য কবরস্থান তৈরিতেও ভূমিকা রেখেছেন। এমনকি রমজান মাসে বিভিন্ন বাড়িতে ইফতারের খিচুড়ি রান্না করে দেন কোনো পারিশ্রমিক ছাড়াই। নিজের ৪-৫ বিঘা জমিতে চাষাবাদ করে সংসার চালানো এই সাদাসিধে মানুষটি মোটরসাইকেলে শাবল-কোদাল নিয়ে ছুটে চলেন আর্তমানবতার সেবায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, মোহাম্মদ আলীর এই নিঃস্বার্থ সেবা পুরো এলাকায় তাকে এক অনন্য সম্মানের আসনে বসিয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমৃত্যু এই সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এই প্রচারবিমুখ সাদা মনের মানুষটি।