দেশের ৬৪ জেলায় শিক্ষিত যুবদের জন্য ৩ মাস মেয়াদী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ২০২৭ সালের মধ্যে ৩৬ হাজার তরুণকে দক্ষ করে তোলার লক্ষ্যে ৩৭৩ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের ষষ্ঠ ব্যাচে এবার প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি পাস যুবদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই কোর্সের জন্য নির্বাচন করা হয়েছে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং। প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা, খাবার ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ শেষ করেছেন, যাদের মধ্যে ৬০ শতাংশই দেশি-বিদেশি মার্কেটপ্লেসে কাজ করছেন। তাদের উপার্জিত অর্থের পরিমাণ প্রায় ২২ কোটি ৭০ লক্ষ টাকা। কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকারের অগ্রাধিকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি এক মাইলফলক হিসেবে কাজ করছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং সভাপতিত্ব করেন সচিব মো. মাহবুব-উল-আলম।