প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। বুধবার (১ এপ্রিল) সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং আগামী চার বছরে এই সংখ্যা ৪ কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই কার্ডটি পরিবারের নারীপ্রধানের নামে দেওয়ায় সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে, যা নারীর ক্ষমতায়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে। গত ১০ মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৩৭ হাজার নারীপ্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে। এই সহায়তার অর্থ সরাসরি পরিবারের খাদ্য, পুষ্টি ও শিক্ষার কাজে ব্যয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।