২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, ০৭:০১:৩০ পূর্বাহ্ন


পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ নিয়ে ভারতে উত্তেজনা, বয়কটের হুমকি!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১১-২৬ ১৭:১৯:০৩
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ নিয়ে ভারতে উত্তেজনা, বয়কটের হুমকি! ছবি: সংগৃহীত


‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ ভারতের পর্দায় না রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি; সরিয়ে না নিলে নেটফ্লিক্স কার্যালয় ঘেরাও ও বয়কটের হুঁশিয়ারি

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ মুক্তির আগেই ভারতে শুরু হয়েছে বিতর্ক। সিরিজটি যেন ভারতের পর্দায় জায়গা না পায়, সে জন্য দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ভারতীয় চলচ্চিত্র কর্মীদের একটি সংগঠন। শুধু তা-ই নয়, নেটফ্লিক্সকে বয়কটের হুমকিও দেয়া হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে ২০২৫ সালের ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনা। 

এই উত্তেজনার মধ্যেই আলোচনায় এসেছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ—‘Jo Bachay Hain Sang Samait Lo’ মুক্তির বিষয়টি।

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বলছে, পাকিস্তানি শিল্পী ও বিনোদনমূলক কনটেন্টের ভারতীয় পর্দায় কোনো জায়গা থাকা উচিত নয় এবং পাকিস্তানি সব ধরনের বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করতে হবে। নেটফ্লিক্স সিরিজটি সরিয়ে না নিলে তাদের কার্যালয় ঘেরাও এবং দেশজুড়ে নেটফ্লিক্স বয়কটের কর্মসূচি চলবে।

এই বিতর্কে বিশেষভাবে উঠে এসেছে অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খানের নাম। কারণ ২০২৫ সালের ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় তাঁদের কিছু বক্তব্য নিয়েও ভারতে সমালোচনা তৈরি হয়েছিল। 

২০১৬ সালে উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার পর ভারতীয় চলচ্চিত্র সংগঠনগুলো পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলা ও পরবর্তী বিভিন্ন যুদ্ধাবস্থার কারণে সেই বয়কট পরিস্থিতি আরও জোরালো হয়।

নেটফ্লিক্সের এই সিরিজ শেষ পর্যন্ত ভারতে মুক্তি পাবে কি-না, সেটি এখনো অনিশ্চিত। তবে এই বিতর্ক একটি বিষয় স্পষ্ট কোরে দিয়েছে—ভারত ও পাকিস্তানের বৈরিতা এখন আর কেবল দুই দেশের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের ব্যাপার নয়। এটি হয়ে উঠেছে দুই দেশের সংস্কৃতি, বিনোদন এবং সাধারণ মানুষের পারস্পরিক বিরোধেরও বিষয়।

Watch Video: