১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৮:৫৯ অপরাহ্ন


সপরিবারে বাংলাদেশ সফরে শ্রীকান্ত আচার্য
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৪:০৩:২৯
সপরিবারে বাংলাদেশ সফরে শ্রীকান্ত আচার্য ছবি: সংগৃহীত


পূর্বপুরুষের আদি নিবাস ময়মনসিংহে হওয়ার সুবাদে বাংলাদেশের প্রতি শ্রীকান্ত আচার্যের টান দীর্ঘদিনের। সেই অমোঘ আকর্ষণেই পহেলা বৈশাখের আমেজে এবার সপরিবারে ঢাকা সফরে এসেছেন এই জনপ্রিয় সংগীতশিল্পী। গত কয়েকদিন ধরে রাজধানীর ঐতিহাসিক স্থান পরিদর্শন এবং দীর্ঘদিনের বন্ধুদের সাথে আড্ডায় এক বিশেষ সময় পার করছেন তিনি।

২০০০ সাল থেকে দীর্ঘ ২৬ বছর ধরে নিয়মিত বাংলাদেশে এলেও, এবারের সফরে শ্রীকান্ত আচার্যের জন্য নতুন অভিজ্ঞতা ছিল রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন। পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে সপরিবারে মন্দিরটি ঘুরে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। সফর প্রসঙ্গে শিল্পী বলেন, "বাংলাদেশে আমি বহুবার এসেছি, তবে ঢাকেশ্বরী মন্দিরে আসা এটাই প্রথম। উৎসবের মেজাজে পরিবারের সবাইকে নিয়ে এমন ঐতিহাসিক স্থানে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে।"

সফরকালীন ব্যস্ততার মাঝেও গত বুধবার সন্ধ্যায় এই গুণী শিল্পী ঢুঁ মেরেছিলেন ঢাকার বাতিঘরে। সেখানে বেশ কিছুক্ষণ বই ঘেঁটে দেখা এবং পাঠকদের সাথে সৌজন্য বিনিময়ে সময় কাটান তিনি। শ্রীকান্ত আচার্য জানান, বাংলাদেশে এলেই তিনি নিজের শিকড়ের ঘ্রাণ পান, যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে কনসার্ট করলেও বাংলাদেশি শ্রোতাদের প্রতি নিজের বিশেষ কৃতজ্ঞতার কথা বারবার স্মরণ করেন এই শিল্পী। তিনি বলেন, "বিদেশের মাটিতেও আমার শ্রোতাদের বড় অংশই বাংলাদেশি। তারা যেভাবে আবেগ দিয়ে গান শোনেন, তা আমাকে গভীরভাবে স্পর্শ করে। একজন আবেগপ্রবণ মানুষ হিসেবে শ্রোতাদের এই অকৃত্রিম ভালোবাসা আমার কাছে সব সময় অত্যন্ত মূল্যবান।"

পারিবারিক এই ব্যক্তিগত সফরে সংগীতজগতের ঘনিষ্ঠ সহকর্মীদের সাথে সময় কাটানো এবং ঢাকার প্রাণচাঞ্চল্য উপভোগ করে এবারের সফরটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।