১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০৩ অপরাহ্ন


২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৯:১৩:২২
২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী ছবি: সংগৃহীত


পদ্মা অববাহিকার কৃষি অঞ্চলকে মরুময়তা থেকে বাঁচাতে এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০৩৩ সালের মধ্যে এই বিশাল প্রকল্প বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ এলাকা এবং প্রায় সাড়ে ৬ কোটি মানুষের পানির চাহিদা মেটাতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যারেজটি নির্মাণের জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, ১৯৬০ সাল থেকে এই প্রকল্পের বিভিন্ন সমীক্ষা চললেও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে একে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এটি নদী-নির্ভরশীল মানুষের জীবন রক্ষাকারী প্রকল্প হিসেবে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।