ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় সংসদে তার নির্বাচনী এলাকা সরাইলের স্বাস্থ্যসেবার বেহাল দশা তুলে ধরেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে এক প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ‘নিজেও একটি রোগীর মতো’ বলে মন্তব্য করেন।
রুমিন ফারহানা জানান, সরাইলের ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের চিকিৎসায় নিয়োজিত ৫০ শয্যার এই হাসপাতালটি তীব্র জনবল ও অবকাঠামো সংকটে জর্জরিত। তিনি উল্লেখ করেন, হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ মোট ৬৪টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এর মধ্যে ৯ জন কনসালট্যান্ট ও চিকিৎসকের পদও রয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
অবকাঠামোগত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ১০ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় তা থমকে আছে। বর্তমানে জরাজীর্ণ পুরোনো ভবনেই কার্যক্রম চলছে। সংসদে তার এই বক্তব্যের পাশাপাশি অন্যান্য সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সংকট নিরসনের দাবি জানান।