১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:১৭ অপরাহ্ন


বাবার হাত থেকে দাদীর পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৬ ১৬:৪৮:৫৭
বাবার হাত থেকে দাদীর পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান ছবি: সংগৃহীত


স্বাধীনতা, গণতন্ত্র ও দেশগঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মাননা তুলে দেন। খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।

এ বছর খালেদা জিয়াসহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াসহ আরও বেশ কয়েকজন এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু এই সম্মাননা পেয়েছেন। প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস চিলড্রেনস ভিলেজ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে পুরস্কৃত করা হয়েছে।

পুরস্কার হিসেবে প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে সরকার।