১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:০৯:৪০ অপরাহ্ন


আমিরাতকে শত্রু ঘোষণা করে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৬:৪৬:৫৮
আমিরাতকে শত্রু ঘোষণা করে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের ছবি: সংগৃহীত


ইরান-মার্কিন-ইসরায়েল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ‘সক্রিয় ভূমিকা’ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ঊর্ধ্বতন সরকারি ও গোয়েন্দা সূত্রগুলো ‘মিডল ইস্ট আই’-কে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ বা কাশম দ্বীপ দখলের জন্য সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি ব্যবহার করে কোনো স্থল অভিযান শুরু করেন, তবে আমিরাতকে সরাসরি ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে গণ্য করা হবে। তেহরানের অভিযোগ, আমিরাত তাদের বিমানঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সংগ্রহে ইসরায়েলকে সহায়তা করছে।

এক ইরানি কূটনীতিক সতর্ক করে দিয়েছেন যে, এ পর্যন্ত ইরান কেবল মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা সীমাবদ্ধ রাখলেও, স্থল অভিযান শুরু হলে সেই ‘সংযম’ আর থাকবে না। সেক্ষেত্রে আমিরাতের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাণিজ্যিক সম্পদ এবং বড় বড় রিয়েল এস্টেট প্রজেক্ট ইরানের সরাসরি নিশানায় পরিণত হবে। রাশিয়া ও অন্যান্য মিত্র দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান মনে করছে, ট্রাম্প আলোচনার কথা বলে আসলে আমিরাত থেকে স্থল হামলার জন্য সময়ক্ষেপণ করছেন। এই চরম বার্তাটি ইতিমধ্যেই আমিরাত সরকারকে পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরানি সূত্রগুলো।