১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:৫০:২০ অপরাহ্ন


১৮ ও ১৯ মার্চ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৪:৪১:০৩
১৮ ও ১৯ মার্চ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক ছবি: সংগৃহীত


আসন্ন পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল তফসিলি ব্যাংক টানা সাত দিনের লম্বা ছুটিতে যাচ্ছে। তবে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে নির্দিষ্ট কিছু শিল্প ও বাণিজ্যিক এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকায় ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) সীমিত জনবল নিয়ে নির্দিষ্ট কিছু এলাকায় ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে।

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে: তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো এই দুই দিন খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ছুটির দিনে যারা দায়িত্ব পালন করবেন, তারা বিধি মোতাবেক নির্ধারিত ভাতা পাবেন। মূলত সাধারণ গ্রাহকদের জন্য ছুটি থাকলেও শিল্পাঞ্চলগুলোতে অর্থনৈতিক লেনদেন সচল রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।