১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৫৫:১৬ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-১১ ১৫:২০:৫৫
প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ ছবি: সংগৃহীত


এআই ডেটা সেন্টার, কাফকো-২ এবং প্রযুক্তি খাতে জাপানি শিল্পগোষ্ঠীর বিশাল বিনিয়োগের প্রস্তাব; প্রধানমন্ত্রীর স্বাগত বার্তা

       বাংলাদেশের দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতি, তথ্যপ্রযুক্তি এবং কৃষি-শিল্প খাতে নতুন দিগন্ত উন্মোচনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ ও বিশ্বখ্যাত শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে আসা এই প্রতিনিধিদল বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বড় অঙ্কের নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার জোরালো আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে সার্বিক জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রযুক্তিবাজারে বাংলাদেশকে একটি 'সার্ভিস হাব' হিসেবে গড়ে তোলার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশের অপার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।" পাটজাত পণ্যে মারুবেনির দীর্ঘদিনের ব্যবসার কথা স্মরণ করে তিনি তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনায় আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টি উঠে আসে, যেখানে মারুবেনি কর্পোরেশন যৌথভাবে কাজের বিশেষ আগ্রহ দেখিয়েছে। এছাড়া প্রকৌশলী স্নাতকদের সাইবার নিরাপত্তায় দক্ষ করা এবং কৃষি খাতে এআই-এর ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিল্পখাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান যৌথ বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশে দ্বিতীয় একটি 'কাফকো-২' সার কারখানা স্থাপনে মারুবেনির বিনিয়োগ প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।

আগামীতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনি কর্পোরেশনের পক্ষে ছিলেন এর দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের সিইও সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।