১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:১২ অপরাহ্ন


চীন বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী: চীনা রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৯ ১৬:০৩:১৮
চীন বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী: চীনা রাষ্ট্রদূত


মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি সংকট মোকাবিলায় চীনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, চীন বাংলাদেশকে জ্বালানি সহায়তা দিতে আগ্রহী, তবে বাংলাদেশ ঠিক কোন ধরনের বা কী পরিমাণ সহায়তা চায়, সে বিষয়ে বেইজিং বিস্তারিত জানতে চেয়েছে।

বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বর্তমান সরকারের অগ্রাধিকারভুক্ত প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বর্তমান সরকার ও চীন—উভয় পক্ষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করার বিষয়ে দুই দেশই আশাবাদী। এছাড়া নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগের বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে।

অন্যদিকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশে চীনা বিনিয়োগের ইতিবাচক চিত্র তুলে ধরেন। তিনি জানান, নতুন সরকার গঠনের প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এই বিনিয়োগগুলো বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।