১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৪:০১ অপরাহ্ন


জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ১৭ টাকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৭:১৩:১৭
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ১৭ টাকা ছবি: সংগৃহীত


চলতি মার্চ মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই লিটারপ্রতি জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত ফেব্রুয়ারি মাসে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা, অর্থাৎ লিটারপ্রতি দাম বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার জ্বালানির দাম শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার থেকে বাড়িয়ে বর্তমানে শূন্য দশমিক ৭৩৮৪ মার্কিন ডলার করা হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে সামান্য পরিমাণে দাম বাড়ানো হয়েছিল। তবে এবারের মূল্যবৃদ্ধি গত মাসের তুলনায় অনেক বেশি। বিইআরসি জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে এই নতুন দাম সমন্বয় করা হয়েছে, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হতে যাচ্ছে।