১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:৫৫ অপরাহ্ন


বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
অনলাইন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-২৮ ১৯:৫৫:৩৩
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ I ছবি: সংগৃহীত


প্রথম দিনেই পিজিআরের গার্ড অব অনার গ্রহণ, স্মারক নথিতে স্বাক্ষর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

     বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে এসে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি।

আজ সকাল ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম ও সুসজ্জিত ‘গার্ড অব অনার’ প্রদান করে।

গার্ড অব অনার পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বঙ্গভবনে স্বাগত জানান।

আনুষ্ঠানিক অভ্যর্থনা পর্ব শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর নিজস্ব অফিস কক্ষে গিয়ে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে কার্যালয়ের ঐতিহ্য, বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।

বঙ্গভবনে কাজের প্রথম দিনেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সারসংক্ষেপ, সরকারি বাণী ও সরকারি নথিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে তিনি বঙ্গভবনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ কক্ষ যেমন—ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোষখানা পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে বিশেষ মন্তব্য লিপিবদ্ধ করেন।