২৪ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পাচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার আলোচিত সিনেমা; অপি করিমের অভিনয়ের প্রশংসায় ঋত্বিক চক্রবর্তী
প্রেক্ষাগৃহে সাফল্য ও বিশ্বজুড়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্যাপক প্রশংসিত হওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার বহুল আলোচিত চলচ্চিত্র ‘মায়ার জঞ্জাল’। নির্মাণের দীর্ঘ ছয় বছর পর নতুন করে বিশ্বব্যাপী দর্শকদের সামনে আসছে ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত এই সিনেমাটি।
জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’-তে আগামী ২৩ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ২৪ সেপ্টেম্বর থেকে ছবিটি স্ট্রিমিং করা যাবে।
সিনেমাটি ওটিটিতে মুক্তির খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নিজেই। সেখানে ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় অভিনয় করা অপি করিমের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’র প্রেক্ষাপট অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়ার জঞ্জাল’।
আন্তর্জাতিক অঙ্গনেও চলচ্চিত্রটি একাধিক গৌরবজনক অর্জন বয়ে আনে।
চলচ্চিত্রটিতে অপি করিম, ঋত্বিক চক্রবর্তী ও সোহেল মণ্ডলের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার প্রবীণ ও গুণী অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসুসহ আরও অনেকে। নগরজীবনের কঠিন বাস্তবতার আড়ালে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটির গল্প।