১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৩:৩৩ অপরাহ্ন


তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৭-০৭ ১৮:৫১:৪১
তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছবি: সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এবং সেখানে তিনি দেশটির কাছে পুনরায় এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন বলে জানা গেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই পরিকল্পনা সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াাদে আরোপিত নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করার কথা ভাবছেন, যা পরবর্তীতে মার্কিন আইনসভায় আইনে পরিণত হয়েছিল। তবে যুদ্ধবিমান বিক্রির ওপর কংগ্রেসের এই নিষেধাজ্ঞা ট্রাম্প ঠিক কীভাবে এড়াবেন, তা এখনও স্পষ্ট নয়। সফরের আগে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এমন একটি ‘উপহার’ নিয়ে তিনি তুরস্কে পৌঁছানোর ইচ্ছা রাখেন, যা তাঁকে খুব খুশি করবে।

উল্লেখ্য, ২০১৯ সালে তুরস্ক রাশিয়ার এস-৪০০ নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর ট্রাম্প দেশটির ওপর মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তিনি অনিচ্ছাসত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছিলেন এবং এই পরিস্থিতির জন্য তৎকালীন ওবামা প্রশাসনকে দায়ী করে এরদোয়ানের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছিলেন। ট্রাম্প সে সময় বলেছিলেন, তারা (তুরস্ক) এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে পড়তে বাধ্য হয়েছেন। পরবর্তীতে ২০২০ সালে মার্কিন কংগ্রেস এই নিষেধাজ্ঞাটিকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে, তুরস্কের কাছে যদি আর এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, তবেই কেবল এফ-৩৫ যুদ্ধবিমানগুলো হস্তান্তর করা যেতে পারে।

এদিকে, মার্কিন কংগ্রেসের অনেক রিপাবলিকান সদস্য তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তরের এই সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে যথেষ্ট সন্দিহান। একইভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। তিনি চলতি সপ্তাহে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, এই ধরনের পদক্ষেপ ‘মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করবে, যা চূড়ান্তভাবে ইসরায়েলি আকাশ শ্রেষ্ঠত্ব এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থানের দ্বারা নিশ্চিত।’ কিন্তু ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে নিজের একজন ভালো বন্ধু হিসেবে বিবেচনা করেন। তাই মার্কিন আইনের সাথে সঙ্গতিপূর্ণ একটি সমাধান খুঁজে বের করার জন্য এই বিষয়টি নতুন করে পর্যালোচনা করতে তিনি তাঁর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দিয়েছেন। আঙ্কারায় ৭ থেকে ৮ জুলাই ২০২৬ তারিখে ৩৬তম ন্যাটো শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।