দেশের প্রান্তিক অঞ্চলের মানুষের জরুরি ও মুমূর্ষু অবস্থার চিকিৎসা প্রাপ্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের প্রায় ৮০ থেকে ৯০ ভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র রাজধানী ঢাকা কেন্দ্রিক। এমন পরিস্থিতিতে ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কীভাবে জরুরি চিকিৎসা সেবা পাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ডা. জুবাইদা রহমান মনে করেন, একটি সঠিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে সিসিইউর পরিসর ও সক্ষমতা বাড়ানো পুরোপুরি সম্ভব। আজ বুধবার (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত এক জাতীয় কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, বিগত বছরগুলোর চরম অবহেলা ও উদাসীনতার কারণে দেশের হাসপাতালগুলোতে ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা ব্যবস্থার এক বেহাল ডশা তৈরি হয়েছে। দেশের প্রান্তিক অঞ্চলে পর্যাপ্ত সিসিইউ সুবিধা না থাকায় প্রতিদিন বহু সাধারণ ও দরিদ্র মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন। জেলা পর্যায়ের সরকারি সদর হাসপাতালগুলোতে যদি জরুরি ভিত্তিতে এই ইউনিট চালু করা যায়, তবে গুরুতর অবস্থায় থাকা মুমূর্ষু রোগীদের মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়ার হোসেন জানান, দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ এবং নিয়োজিত চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সব ধরনের কার্যকর প্রচেষ্টা চালাচ্ছে। চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে চলতি মাস থেকেই দেশের হাসপাতালগুলোতে আনসার সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি ঘোষণা দেন।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের গত ৫৬ বছরের জাতীয় বাজেটের ইতিহাসে এবারই দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত। বর্তমান সরকার দেশের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিচ্ছে। কনফারেন্সে উপস্থিত অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেশের চিকিৎসা ব্যবস্থার টেকসই ও আধুনিক উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত ও আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।