১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৫০:৪৩ অপরাহ্ন


ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-১০ ১৩:১২:১০
ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান I ছবি: সংগৃহীত


পরিবেশ রক্ষা ও ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার বার্তা তারেক রহমানের

       সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকি সবচেয়ে বেশি থাকে উল্লেখ করে কোমলমতি শিক্ষার্থীদের এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে দেশের পরিবেশ রক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরামর্শ দেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের নিয়মিত অধিবেশন ও কার্যক্রম দেখতে আসা রাজধানীর সানিডেইল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্যে শিক্ষার্থীদের করণীয় ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস ডেঙ্গুর ঝুঁকি বেশি থাকে। তাই আগে থেকেই সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তোমাদের নিজেদের বাসা ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন জমা পানি না থাকে, সেদিকে বিশেষ খেয়াল রাখবে।"

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি শিক্ষার্থীদের বিশেষ দিনে একে অপরকে গাছ উপহার দেওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "জন্মদিন বা যেকোনো বিশেষ আয়োজনে তোমরা একে অপরকে চারা গাছ উপহার দিতে পারো। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আত্মীয়দের বাড়ির আঙিনায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।"

বিদেশের পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত নাগরিক মানসিকতার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, "বিদেশের শহরগুলোর পরিচ্ছন্নতার মূল কারিগর সেখানকার সচেতন নাগরিকরা। আমাদের দেশকেও একইভাবে পরিচ্ছন্ন রাখতে হবে। কেউ রাস্তায় ময়লা ফেললে তাকে বুঝিয়ে বারণ করতে হবে। পরিবর্তনটা সবসময় নিজের ঘর থেকেই শুরু করতে হয়।"

এর আগে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা গ্যালারিতে বসে জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করে। পরে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও শারীরিক স্বাস্থ্যের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রীকে সরাসরি কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।