১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:০১ অপরাহ্ন


গ্রাহক হয়রানি রোধে কঠোর অবস্থান বিদ্যুৎ বিভাগের; সব বিতরণ সংস্থাকে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ!
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২৯ ১৯:৫২:১৯
গ্রাহক হয়রানি রোধে কঠোর অবস্থান বিদ্যুৎ বিভাগের; সব বিতরণ সংস্থাকে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ!


চলতি জুন মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে অতিসত্বর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিলে এ ধরনের কোনো অস্বাভাবিক অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি বা হটলাইনের মাধ্যমে অবহিত করার জন্য সম্মানিত গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই তথ্যের কথা জানানো হয়। সরকারি নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র ও গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্যান্য স্বাভাবিক মাসের তুলনায় চলতি জুন মাসে অনেক সাধারণ গ্রাহকের আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ বিল অস্বাভাবিক রকমের বেশি এসেছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত হয়রানি ও আর্থিক ভোগান্তি কমাতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়টি যথাযথভাবে মাঠ পর্যায়ে যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির নিকটস্থ স্থানীয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক অভিযোগ জানাতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের সুবিধার্থে বেশ কয়েকটি পূর্বনির্ধারিত হটলাইন ও কল সেন্টারের নম্বর পুনরায় প্রকাশ করা হয়েছে। নম্বরগুলো নিচে দেওয়া হলো:

  • বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা: ১৬৯৯৯

  • বিপিডিবি (BPDB) এর কল সেন্টার: ১৬২০০

  • পবিবো (BREB) এর কল সেন্টার: ১৬৮৯৯

  • ডিপিডিসি (DPDC) লিমিটেডের কল সেন্টার: ১৬১১৬

  • ডেসকো (DESCO) লিমিটেডের কল সেন্টার: ১৬১২০

  • নেসকো (NESCO) লিমিটেডের কল সেন্টার: ১৬৬০৩

  • ওজোপাডিকো (WZPDCO) লিমিটেডের কল সেন্টার: ১৬১১৭