১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:০৮ অপরাহ্ন


গাছে আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৪ ১৬:৪৮:৫৫
গাছে আম-জাম ধরলে আমাকে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত


পহেলা বৈশাখের শুভলগ্নে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে তিনি নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড ও গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণের সময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রধানমন্ত্রী কৃষকদের বলেন, আম ও জাম বড় হলে যেন তাঁকে পাঠানো হয়।

প্রধানমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষককে এই সুবিধার আওতায় আনা হলেও আগামী ৫ বছরে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষক এই কার্ড পাবেন। তিনি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত বকেয়া ঋণ মওকুফ করা হয়েছে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ নির্মাণ ও কৃষিভিত্তিক কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের প্রধান পেশা কৃষি হওয়ায় কৃষক ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে এবং এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।