১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৫:১৮ অপরাহ্ন


আইভরিকোস্ট ভয় ধরালেও ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি !
ক্রীড়া প্রতিবেদক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-২১ ১৩:৩৯:৫৩
আইভরিকোস্ট ভয় ধরালেও ১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি ! ম্যাচ শেষে সতীর্থদের ভালোবাসায় সিক্ত উনদাভ I এএফপি


টরন্টো স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আইভরিকোস্টের ফুটবলারদের জন্য কেবল আফসোসই জমা থাকল। সেই সাথে ফুটবলপ্রেমীদের মনে আরও একবার দাগ কেটে গেল কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারের সেই বিখ্যাত উক্তি—'ফুটবল খুবই সহজ খেলা; ২২ জন মানুষ ৯০ মিনিট ধরে একটি বলের পেছনে ছোটে এবং শেষ পর্যন্ত জার্মানিই সব সময় জেতে'। আফ্রিকার শক্তিশালী দল আইভরিকোস্ট আজ জার্মানির বিপক্ষে মাঠে নেমে লিনেকারের এই উক্তিটি হাড়হাড়েই টের পেয়েছে। ম্যাচের ৩০ মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে গিয়ে ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল আইভরিকোস্ট। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় বদলি নামা জার্মান ফরোয়ার্ড দেনিজ উনদাভের দুর্দান্ত জোড়া গোলে শেষ পর্যন্ত জার্মানি ২–১ ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে এবং একই সাথে ২০১৪ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ১২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদ দিয়ালোদের জন্য বেশ মর্মান্তিক এক পরিণতি ডেকে আনে। ম্যাচের ৬৮ মিনিটে উনদাভের প্রথম গোলে জার্মানি সমতায় ফিরলে ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছিল এবং আইভরিকোস্টের অন্তত ১ পয়েন্ট পাওয়ার আশা বেঁচে ছিল। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিটে) উনদাভ নিজের দ্বিতীয় গোলটি করলে আফ্রিকার দলটির সেই আশার গুড়ে বালি বালি পড়ে যায়। এর আগে আইভরিকোস্ট অধিনায়ক কেসির বক্সের ভেতর থেকে করা দারুণ গোলে পিছিয়ে পড়ার পর সমতাসূচক গোলের খোঁজে মরিয়া জার্মান কোচ ইউলিয়ান নাগলসমান ৬০ মিনিটে একযোগে তিনটি পরিবর্তন আনেন। তিনি আলেক্সান্ডার প্যাবলোভিচের জায়গায় নাদিম আমিরি, লিরয় সানের জায়গায় জেমি লেভেলিং এবং জামাল মুসিয়ালার জায়গায় দেনিজ উনদাভকে মাঠে নামান। কোচের এই কৌশলই চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রক্ষা করে, যার মধ্যে আমিরির পাস থেকেই উনদাভ জার্মানির প্রথম গোলটি পান।

ম্যাচের দ্বিতীয়ার্থের শুরুর দিকে মুসিয়ালার ফাউলের কারণে জার্মান তারকা কাই হাভার্টজের একটি গোল বাতিল করে দেন রেফারি। অন্যদিকে আইভরিকোস্টও দুই অর্ধে বেশ কিছু গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ৮৮ মিনিটে জার্মানির বক্সের ভেতরে বল পেয়েও ফরোয়ার্ড সাইমন আদিংনার শট না নেওয়ার সিদ্ধান্ত। এই ম্যাচের আগে বিশ্বকাপে সর্বশেষ ১০টি ম্যাচে প্রথমে গোল হজম করার পর জার্মানি মাত্র ১টি ম্যাচে জিততে পেরেছিল, যা তাদের জন্য ম্যাচটি কঠিন করে তুলেছিল। তবে নাগলসমানের দল শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ায় ৩ পয়েন্ট তুলে নিয়ে মাঠ ছাড়ে। পিছিয়ে পড়েও তুলে নেওয়া এই নাটকীয় জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের একটি পাতায় ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি। বিশ্বকাপে কোনো না কোনো সময় পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার ম্যাচসংখ্যায় জার্মানি এখন ১৬টি জয় নিয়ে সবার ওপরে, যেখানে ব্রাজিলের জয় ১৫টি ম্যাচে। পাশাপাশি এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েছেন জার্মান কিংবদন্তি ম্যানুয়েল নয়্যার। বর্তমানে 'ই' গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জার্মানি এবং সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট।