১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৪৫:৪৮ অপরাহ্ন


আকস্মিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-১৮ ১৯:৩২:৫৫
আকস্মিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি ছবি: সংগৃহীত


লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে বেশ চাপে পড়েছে নরেন্দ্র মোদি সরকার। এই পরিস্থিতির মধ্যেই শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় আকস্মিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে এই তথ্য নিশ্চিত করা হলেও ভাষণের সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে আগে থেকে কিছুই জানানো হয়নি। সরকারের পক্ষ থেকে এই গোপনীয়তা বজায় রাখায় ভারতের রাজনৈতিক মহলে বর্তমানে ব্যাপক জল্পনা ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এর আগে শনিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই বিল পাসের ব্যর্থতার জন্য সরাসরি বিরোধী দলগুলোকে দায়ী করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি অভিযোগ করেন যে, বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে বিলটির বিরোধিতা করেছে কারণ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। বিরোধীদের এই অবস্থানকে ঐতিহাসিক ভুল আখ্যা দিয়ে মোদি সতর্ক করে বলেন যে, ভবিষ্যতে এই নেতিবাচক ভূমিকার জন্য তাদের চড়া রাজনৈতিক মূল্য দিতে হবে। তবে সরকারের এই আক্রমণাত্মক অবস্থানের বিপরীতে বিরোধী শিবির বিলটি আটকে যাওয়াকে তাদের আদর্শিক ও রাজনৈতিক বিজয় হিসেবে উদযাপন করছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই ঘটনাকে গণতন্ত্রের এক বিরাট জয় হিসেবে অভিহিত করেছেন। নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে, এই ফলাফল মূলত বিরোধী দলগুলোর ইস্পাতকঠিন ঐক্যের প্রতিফলন এবং এর মাধ্যমে শাসক দলের একপাক্ষিক ষড়যন্ত্রে বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী আরও উল্লেখ করেন, এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধেও একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবচ হিসেবে কাজ করবে। নারী সংরক্ষণ বিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে দেশটির রাজনৈতিক অঙ্গনে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।