১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:২২ অপরাহ্ন


ভাতা নির্ধারণ করা হল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৭:০৮:৩২
ভাতা নির্ধারণ করা হল ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ছবি: সংগৃহীত


নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মগুরুদের মাসিক সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের ক্ষেত্রেও সমহারে ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮,০০০ টাকা, যার মধ্যে পুরোহিত ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা করে পাবেন।

একইভাবে বৌদ্ধ বিহারের জন্য মাসিক ৮,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখান থেকে বিহার অধ্যক্ষ ৫,০০০ টাকা এবং উপাধ্যক্ষ ৩,০০০ টাকা পাবেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিটি চার্চের ক্ষেত্রেও ৮,০০০ টাকা বরাদ্দ থাকবে, যার মধ্যে প্রধান পালক বা যাজক ৫,০০০ টাকা এবং সহকারী যাজক ৩,০০০ টাকা করে সম্মানী পাবেন। ধর্মীয় গুরুদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।