মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত 'তেলিয়াপাড়া দিবস' উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তেলিয়াপাড়া চা বাগানে আয়োজিত এই সভায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্বের নাম। বিভিন্ন সময় একে খাটো করার চেষ্টা করা হলেও আমরা একাত্তরকে ধারণ করেই এগিয়ে যাচ্ছি।” ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে জুলাই যুদ্ধ হিসেবে অভিহিত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশত্যাগে বাধ্য করে আরও একটি গৌরবের ইতিহাস রচনা করেছে।
দলের নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়ে তিনি উল্লেখ করেন, “তারেক রহমানের সুস্পষ্ট বার্তা— দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।” বিএনপি যেন কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে তিনি কড়া নির্দেশনা দেন। এছাড়া চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের বিশেষ উপস্থিতিতে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, হুইপ জি কে গউছ এমপি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।