মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও অভ্যন্তরীণ বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকেই এই ছুটি কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্য অর্জনে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
মূলত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যে যে প্রভাব পড়েছে, তা সামাল দিতেই সরকার আগাম এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই আদেশের ফলে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।