দীর্ঘ ৫২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। বুধবার (১ এপ্রিল) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে এই ঐতিহাসিক জয় পায় তারা।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১০০তম মিনিটে ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবির জয়সূচক গোলটি কঙ্গোর বিশ্বমঞ্চে ফেরার টিকিট নিশ্চিত করে। ১৯৭৪ সালের পর (তৎকালীন জাইরে নামে) এবারই প্রথম ফুটবলের সর্বোচ্চ আসরে নাম লেখালো দেশটি।
ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির ছাত্র টোয়ানজেবি একসময় ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেললেও পরে নিজ জন্মভূমি কঙ্গোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন, আর তার গোলেই নিশ্চিত হলো এই বিশাল অর্জন। ৫২ বছরের দীর্ঘ এই বিরতি কাটিয়ে কঙ্গোর বিশ্বকাপে ফেরা আফ্রিকান ফুটবলের জন্য এক নতুন গর্বের অধ্যায় হয়ে থাকল।