১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:১৮:০৮ অপরাহ্ন


তিন পুরস্কার পেল ‘রইদ’, তুষির প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-১০-০৫ ১৬:২৩:১৫
তিন পুরস্কার পেল ‘রইদ’, তুষির প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি! ছবি: সংগৃহীত


কানাডার মিসিসাগায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী, চিত্রগ্রহণ ও সংগীতের ট্রফি জয়

      ভিয়েতনামের মর্যাদাপূর্ণ 'ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা এশীয় সিনেমা হিসেবে 'ক্রিটিকস অ্যাওয়ার্ড' জয়ের পর এবার উত্তর আমেরিকায় নতুন সাফল্যের ঝাণ্ডা ওড়ালো বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি প্রধান বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত এই সিনেমাটি।

উৎসবের সমাপনী দিনে ‘রইদ’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজিফা তুষি। পাশাপাশি সেরা চিত্রগ্রাহক হিসেবে জোয়াহের মুসাভভির এবং সেরা চিত্রসংগীতের জন্য রাশীদ শরীফ শোয়েব আন্তর্জাতিক সেরা খেতাব অর্জন করেছেন।

‘রইদ’ চলচ্চিত্রে ‘সাধুর বউ’ নামক অত্যন্ত মনস্তাত্ত্বিক ও জটিল এক চরিত্রে রূপদান করেছেন নাজিফা তুষি। প্রেক্ষাগৃহে মুক্তির আগ থেকেই ছবিটিতে তাঁর নতুন লুক ও অভিনয় নিয়ে বিনোদনপাড়ায় বিস্তর আলোচনা তৈরি হয়েছিল। পরবর্তীতে চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ও দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলে তুষির অভিনয় সাবলীল প্রশংসা লাভ করে। কর্মজীবনের এই দীর্ঘ যাত্রায় 'রইদ' সিনেমার মাধ্যমেই প্রথম আন্তর্জাতিক ও শীর্ষ কোনো অভিনয়ের পুরস্কার লাভ করলেন তুষি।

নিজের অনুভূতি প্রকাশ করে উচ্ছ্বসিত নাজিফা তুষি বলেন, "এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি সংবাদ। সত্যি বলতে, কখনো পুরস্কৃত হওয়ার আশায় অভিনয়ে নামি না; আমার কাছে সবসময় চরিত্র ফুটায়ে তোলা এবং মানসম্মত কাজ করাটাই মূল প্রাধান্য পায়। তবে নিজের নিষ্ঠা ও শ্রম যখন এভাবে আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিক স্বীকৃতি আনে, তখন একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা ও ভালোবাসা অনেকটাই বেড়ে যায়। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আমার এই সুন্দর পথচলা যেন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকে।"

চলচ্চিত্রটির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক মেজবাউর রহমান সুমন জানান, "বিশ্বের বহু বিখ্যাত ও প্রশংসিত চলচ্চিত্রের সঙ্গে কঠিন প্রতিযোগিতা করে 'রইদ' আন্তর্জাতিক মঞ্চে তিন-তিনটি সম্মানজনক পুরস্কার ছিনিয়ে এনেছে। সিনেমাটির মুক্তির পর থেকেই নাজিফা তুষির অভিনয়, জোয়াহেরের নান্দনিক ক্যামেরা ফিচার এবং শোয়েবের আবহসংগীত নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকরা আলাদাভাবে প্রশংসা করছিলেন। তাঁদের প্রতিভার এই বিশ্বজনীন স্বীকৃতি পুরো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল অর্জন।"

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে কানাডার মিসিসাগা শহরে জমকালো আয়োজনে শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হয় ১২তম 'মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' (MISAFF)। এই উৎসবে মূল বিভাগে বছরের সেরা চলচ্চিত্রের পুরষ্কার অর্জন করেছে কান চলচ্চিত্র উৎসবের জুরি অ্যাওয়ার্ডপ্রাপ্ত নেপালের আলোচিত ছবি ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’।