১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:০২:৩৭ অপরাহ্ন


সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৫ ১৫:৩৭:০১
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা I ছবি: সংগৃহীত


কিংবদন্তি শিল্পীর ৭৩তম জন্মদিনে স্মৃতিচারণ; সাবিনা ইয়াসমীনের কণ্ঠ ও গায়কীর ভক্ত বলে জানালেন রুনা লায়লা

       বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর থেকে নব্বই দশকের স্বর্ণালী যুগ মানেই সুরের আকাশে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের একচ্ছত্র আধিপত্য। দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী দশকের পর দশক ধরে নিজেদের কালজয়ী গানে মুগ্ধ করে রেখেছেন প্রজন্মের পর প্রজন্মকে। চলচ্চিত্রে একসঙ্গে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়া এই দুই সংগীত ব্যক্তিত্বের পেশাগত সম্পর্কের পাশাপাশি তৈরি হয়েছে গভীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা।

চলতি বছর এক টেলিভিশন সাক্ষাৎকারে সহশিল্পীকে নিয়ে কথা বলতে গিয়ে সাবিনা ইয়াসমীনের প্রতি নিজের গভীর অনুরাগের কথা ব্যক্ত করেন সুরসম্রাজ্ঞী রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে সাবিনা ইয়াসমীনের অনুরাগী হিসেবে দাবি করেন।

রুনা লায়লা বলেন, "সাবিনা ইয়াসমীন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও বিরহঘেঁষা স্যাড গানগুলো এত দারুণ গেয়েছেন, সেটাকে আমি খুব সম্মান করি।"

এদিকে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) জীবনের ৭২টি বসন্ত পেরিয়ে ৭৩ বছরে পদার্পণ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা লুতফর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক নিবাস সাতক্ষীরায় হলেও বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে শৈশব ও কৈশোর কাটে এই কণ্ঠশিল্পীর।

বাংলা গানের এই প্রখ্যাত শিল্পী ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি স্থান করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়ে।