১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২২:২৭ অপরাহ্ন


মেসিকে সম্মান দেখাতে যা করল ইন্টার মায়ামি
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৪:৪৫:১৪
মেসিকে সম্মান দেখাতে যা করল ইন্টার মায়ামি ছবি: সংগৃহীত


আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির প্রতি সম্মান জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির নবনির্মিত স্থায়ী ভেন্যু ‘নু স্টেডিয়াম’-এর একটি স্ট্যান্ডের নাম রাখা হচ্ছে এই মহাতারকার নামে। শুক্রবার (২৭ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাবটি এই ঐতিহাসিক ঘোষণা দেয়।

মায়ামি কর্তৃপক্ষ জানায়, আগামী ৪ এপ্রিল ২৬ হাজার ৭০০ আসনবিশিষ্ট নতুন স্টেডিয়ামটির উদ্বোধনী ম্যাচেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কোনো সক্রিয় খেলোয়াড় নিজের নামাঙ্কিত স্ট্যান্ডে নিয়মিত খেলছেন—এমন ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যন্ত বিরল। মায়ামির নম্বর ১০ এবং অধিনায়ক হিসেবে মেসির অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালে এমএলএসে যোগ দেওয়ার পর থেকে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অস্থায়ীভাবে খেলছিল মায়ামি। তিন বছর আগে মেসি যোগ দেওয়ার পর ক্লাবটির চিত্র পুরোপুরি বদলে যায়। তার জাদুকরী নেতৃত্বে মায়ামি ইতোমধ্যে ২০২৩ সালের লিগস কাপ এবং ২০২৫ সালের এমএলএস কাপসহ মোট চারটি শিরোপা ঘরে তুলেছে। প্রিয় অধিনায়কের এই সাফল্যগাথাকে চিরস্মরণীয় করে রাখতেই নিজেদের স্থায়ী ঠিকানায় তার নাম খোদাই করল ক্লাবটি।