১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২২:০৫ অপরাহ্ন


রবিবার থেকে ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৫:২৪:৫৬
রবিবার থেকে ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত ছবি: সংগৃহীত


সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে ব্যাংকগুলোতে লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন এই সময়সূচি অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি হিসেবে যথারীতি শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্টের পরিচালক মো. আবদুল মান্নান।

সাধারণ শাখাগুলোর সময় পরিবর্তন হলেও বিশেষ কিছু ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো আগের নির্দেশনা অনুযায়ী সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে যে, এই নতুন সময়সূচি কার্যকর করার মাধ্যমে একদিকে যেমন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে, অন্যদিকে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখা যাবে। এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন নিয়মেই দেশের ব্যাংকিং খাত পরিচালিত হবে।