১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩৯:২৩ অপরাহ্ন


হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৭ ১৭:২২:২০
হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ছবি: সংগৃহীত


রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ড ও জামিন উভয় আবেদন নামঞ্জুর করে এই নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে সাবেক এই স্পিকারকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, শিরীন শারমিনের আইনজীবীরা তার জামিন চেয়ে জোরালো সওয়াল করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, আজ ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগ আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিলে অংশ নিয়েছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। অভিযোগ রয়েছে, সে সময় আসামিদের ছোড়া গুলিতে আশরাফুলের বাম চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। এই ঘটনায় ২০২৫ সালের ১৭ জুলাই লালবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে শিরীন শারমিন চৌধুরীকে এজাহারনামীয় তিন নম্বর আসামি করা হয়েছে।

আদালতের কার্যক্রম শেষে সাবেক স্পিকারকে যখন প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আদালত প্রাঙ্গণে উপস্থিত তার একদল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে সমর্থন জানান। দীর্ঘ ১৭ মাস আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হওয়া এই হেভিওয়েট রাজনীতিবিদের আইনি লড়াই এখন কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়।