১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:২৮:৩৯ অপরাহ্ন


১৮ বছর আগে করা চুক্তিতে ছয়শ কোটি টাকা পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৫ ১৫:২৮:০২
১৮ বছর আগে করা চুক্তিতে ছয়শ কোটি টাকা পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার ছবি: সংগৃহীত


ক্রিকেট মাঠে শেন ওয়ার্নের ঘূর্ণি জাদুতে ব্যাটাররা কুপোকাত হতেন ঠিকই, তবে মাঠের বাইরেও যে তিনি কতটা দূরদর্শী ছিলেন, তার প্রমাণ মিলল মৃত্যুর ৪ বছর পর। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের সঙ্গে করা একটি বিশেষ চুক্তির কল্যাণে এখন শতকোটি টাকার মালিক হতে যাচ্ছে তাঁর পরিবার।

চুক্তি অনুযায়ী, প্রতি মৌসুমে খেলার বিনিময়ে দলের ০.৭৫ শতাংশ মালিকানা পেতেন ওয়ার্ন। রাজস্থানের হয়ে অধিনায়ক ও কোচ হিসেবে চার মৌসুম খেলায় তাঁর মালিকানার অংশ দাঁড়ায় মোট ৩ শতাংশ। সম্প্রতি রাজস্থান রয়্যালস একটি মার্কিন কনসোর্টিয়ামের কাছে প্রায় ২০ হাজার কোটি টাকায় (১৬৩ কোটি মার্কিন ডলার) বিক্রি হয়েছে। এই হিসাব অনুযায়ী ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।

২০২৬ আইপিএল মৌসুম শেষে বিসিসিআই-এর অনুমোদন সাপেক্ষে ওয়ার্নের পরিবার এই অর্থ তুলে নিতে পারবে। ২০০৮ সালে মাত্র ৬ কোটি ৭০ লাখ ডলারে কেনা দলটির মূল্য আজ আকাশচুম্বী হওয়ায় ওয়ার্নের সেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত তাঁর উত্তরাধিকারীদের জন্য এক অমূল্য সম্পদে পরিণত হয়েছে। ২০২২ সালে কিংবদন্তি এই স্পিনার না ফেরার দেশে চলে গেলেও তাঁর রেখে যাওয়া দূরদর্শিতা আজও বিস্ময় জাগাচ্ছে ক্রিকেট বিশ্বে।