১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:৩০:৩৬ অপরাহ্ন


'হ্যারি পটার' সিরিজ: ট্রেলারেই বাজিমাত, নতুনদের দেখে মুগ্ধ দর্শক
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-০৫ ১৪:১৯:৩৬
'হ্যারি পটার' সিরিজ: ট্রেলারেই বাজিমাত, নতুনদের দেখে মুগ্ধ দর্শক ছবি: সংগৃহীত


সংশয় কাটিয়ে প্রশংসায় নতুন মুখ; ২০২৬ সালের ডিসেম্বরেই ছোট পর্দায় ফিরছে হগওয়ার্টসের জাদুর দুনিয়া!

      'হ্যারি পটার' মানেই এক প্রজন্মের শৈশব, জাদুর দুনিয়া আর তিন বন্ধুর অসাধারণ এক অভিযাত্রা। জাদুনগরের সেই পরিচিত জগৎ নতুন মুখ নিয়ে ফিরছে—খবরটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ছিল উত্তেজনার পাশাপাশি গভীর সংশয়। তবে নতুন টেলিভিশন সিরিজের ট্রেলার প্রকাশের পর সেই সংশয় কাটিয়ে প্রশংসায় ভাসছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীরা। হ্যারি, রন ও হারমায়োনির নতুন অবয়ব দর্শকদের মধ্যে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

চলতি বছরের মার্চে সিরিজটির 'ফার্স্ট লুক' প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ড্যানিয়েল র‌্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসনের জায়গায় নতুন শিশু অভিনয়শিল্পীদের দেখা যাবে—বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি অনেক পুরোনো ভক্ত। নতুনদের রূপ ও উপস্থাপন নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন, তৈরি হয়েছিল আশঙ্কাও।

তবে ট্রেলার মুক্তির পর পরিস্থিতি বদলে গেছে। হগওয়ার্টসের পরিচিত পরিবেশ, জাদুর আবহ এবং প্রধান তিনটি চরিত্রের নতুন উপস্থাপনা দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে। পুরোনো তারকাদের সঙ্গে তুলনা করার বদলে নতুনদের নিজেদের মতো করে দেখার আগ্রহ স্পষ্ট হয়ে উঠেছে ভক্তদের মাঝে। বিশেষ করে নতুন হারমায়োনির চরিত্রায়ন আলাদাভাবে নজর কেড়েছে।

সামাজিক মাধ্যমে অনুরাগী ও সমালোচকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে ইতিবাচক মন্তব্য। অনেক ভক্তের মতে, এটি শুধু আগের সিনেমাগুলোর নতুন সংস্করণ নয়, বরং দীর্ঘ পরিসরে মূল গল্পকে বিস্তৃতভাবে উপভোগ করার একটি বড় সুযোগ।

ব্রিটিশ লেখিকা জে কে রোলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিরিজটি। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাগুলোর তুলনায় এবার বইয়ের কাহিনি আরও বিস্তৃতভাবে তুলে ধরা হবে। ফলে মূল গল্পের অনেক খুঁটিনাটি বিষয়, যা সময়ের অভাবে বড় পর্দায় দেখানো সম্ভব হয়নি, সেগুলোও এবার দর্শকদের সামনে আসবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরেই ছোট পর্দায় যাত্রা শুরু করবে নতুন 'হ্যারি পটার'। শুরুর দিকের বিতর্ক কাটিয়ে ট্রেলার প্রকাশের পর নতুন এই জাদুর দুনিয়া ঘিরে বিশ্বজুড়ে এক বড় ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।