১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১০:২৫:২৪ অপরাহ্ন


নাতনিকে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৮ ১৮:৪৫:৫০
নাতনিকে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিলেন নানা ছবি: সংগৃহীত


বগুড়ায় প্রয়াত স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে নাতনিকে তার ওজনের সমপরিমাণ কয়েন উপহার দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন নানা আবদুল কাদের প্রামাণিক। শুক্রবার (২৭ মার্চ) রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এক অনুষ্ঠানে নাতনি নাইমা বেগমকে দাঁড়িপাল্লার একপাশে বসিয়ে অন্যপাশে ৭০ কেজি ৩০০ গ্রাম ওজনের পাঁচ টাকার কয়েন দিয়ে মেপে এই অভূতপূর্ব উপহার তুলে দেওয়া হয়।

কাদের প্রামাণিক জানান, তার স্ত্রী পাতা বেগমের দীর্ঘদিনের শখ ছিল নাতনির বিয়েতে তার ওজনের সমান কয়েন উপহার দেবেন। এই লক্ষ্যেই গত ১০ বছর ধরে তারা মাটির ব্যাংকে কয়েন জমানো শুরু করেন। ২০২৩ সালে স্ত্রী মারা গেলেও কাদের প্রামাণিক সেই সঞ্চয় অব্যাহত রাখেন। দেড় বছর আগে নাইমার বিয়ে হলেও তখন পর্যাপ্ত কয়েন না হওয়ায় উপহারটি দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি জমানো কয়েন লক্ষ্যমাত্রায় পৌঁছালে তিনি নাতনি ও জামাতাকে দাওয়াত করে এই বিশেষ আয়োজনের মাধ্যমে প্রয়াত স্ত্রীর শখ পূরণ করেন।

বিরল এই উপহার দেওয়ার দৃশ্য দেখতে স্থানীয়রা ভিড় জমান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। স্ত্রীর স্মৃতি রক্ষায় এমন আবেগঘন উদ্যোগে নাতনি নাইমা বেগমসহ পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও অভিভূত।