১১ অক্টোবর ২০২৬, রবিবার, ১১:২৬:৩৩ অপরাহ্ন


নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৩ ১৭:১৭:০৮
নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে ছবি: সংগৃহীত


আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের থাকা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদন অনুযায়ী, কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ অসন্তোষের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন এই সুপারস্টার। নেইমারের বর্তমান ফিটনেস এবং আন্তর্জাতিক ফুটবলের জন্য প্রয়োজনীয় স্ট্যামিনা নিয়ে কোচিং স্টাফরা মোটেও সন্তুষ্ট নন।

সম্প্রতি নেইমারের খেলার ধরন ও শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য সান্তোস বনাম মিরাসোল ম্যাচ দেখতে গিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমার সেই ম্যাচে মাঠে নামেননি, এমনকি গ্যালারিতে উপস্থিত থেকেও কোচের সাথে সৌজন্য সাক্ষাৎ করার প্রয়োজন বোধ করেননি। সিবিএফ বিষয়টিকে কোচের প্রতি চরম অবজ্ঞা এবং শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখছে। এছাড়া প্রীতি ম্যাচের দলে জায়গা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের মন্তব্যগুলোকেও নেতিবাচকভাবে নিয়েছে বোর্ড।

সিবিএফ মনে করছে, নেইমার নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে হাতে সময় খুব কম থাকায় এবং বর্তমান ইনজুরি প্রবণতার কারণে আনচেলত্তির মন জয় করা নেইমারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ'-এ নেইমারকে ছাড়াই হয়তো মাঠে নামতে পারে সেলেসাওরা।