১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৮:৩৪ অপরাহ্ন


কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বরদাস্ত করা হবে না: কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-৩১ ১৫:৪২:২১
কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বরদাস্ত করা হবে না: কৃষিমন্ত্রী ছবি: সংগৃহীত


কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। যেসব প্রকল্প কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ চিহ্নিত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সুদূরপ্রসারী ও জনকল্যাণমুখী পরিকল্পনার ওপর জোর দেন তিনি।

কৃষি উৎপাদন টেকসই করার লক্ষ্যে জমির উর্বরতা পুনরুদ্ধার ও মাটির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির অম্লতা বৃদ্ধি পেয়েছে, যা উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের অগ্রগতি ৪২ দশমিক ১৮ শতাংশ। অনুষ্ঠানে কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।