১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:০৪ অপরাহ্ন


'ফিনালিসিমা' বাতিল, প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১৮ ১৭:০২:৩১
'ফিনালিসিমা' বাতিল, প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফুটবল বিশ্বের অন্যতম প্রতীক্ষিত লড়াই ‘ফিনালিসিমা’ শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার এই মেগা ম্যাচটি বাতিলের ফলে ফুটবলপ্রেমীরা বঞ্চিত হলেন লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের বহুল কাঙ্ক্ষিত দ্বৈরথ দেখা থেকে। তবে এই সূচি বাতিল হলেও দুই দলই বিকল্প প্রতিপক্ষের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে।

শুরুতে নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ কাতারের দোহায় আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে আয়োজকরা বিকল্প ভেন্যু ও নতুন সূচি খোঁজার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, ভেন্যু ও সূচি নিয়ে আর্জেন্টিনার পক্ষ থেকে সম্মতি না মেলায় ম্যাচটি পুরোপুরি বাতিল করতে বাধ্য হয়েছে তারা।

ফিনালিসিমা বাতিল হওয়ার পর দুই দলই নিজেদের ব্যস্ততা ঠিক করে নিয়েছে। স্পেন জানিয়েছে, তারা আগামী ২৭ মার্চ ঘরের মাঠ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও বসে থাকছে না। তারা আগামী ৩১ মার্চ বুয়েনস এইরেসে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছে। যদিও মেসির বিপক্ষে ইয়ামালের লড়াই দেখার অপেক্ষা আরও দীর্ঘ হলো, তবে দুই শক্তিশালী দলের প্রীতি ম্যাচগুলো দর্শকদের কিছুটা হলেও তৃপ্তি দেবে।