১২ অক্টোবর ২০২৬, সোমবার, ১২:০৫:৫৫ পূর্বাহ্ন


পতাকা অবমাননার মামলা হার্দিক পান্ডিয়ার নামে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১২ ১৬:৩২:৩৯
পতাকা অবমাননার মামলা  হার্দিক পান্ডিয়ার নামে ছবি: সংগৃহীত


টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের আমেজ কাটতে না কাটতেই আইনি জটিলতায় জড়িয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাঠের উদযাপনে জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে তার বিরুদ্ধে পুনে পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, পুনে শহরের আইনজীবী ওয়াজিদ খান শিবাজি নগর পুলিশ স্টেশনে পান্ডিয়ার বিরুদ্ধে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের জোরালো দাবি জানিয়েছেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল জয়ের পর পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে যে ধরনের আচরণ করেছেন, তা অশালীন এবং জাতীয় মর্যাদার পরিপন্থী।

আইনজীবী ওয়াজিদ খান তার অভিযোগে বিশেষভাবে উল্লেখ করেছেন যে, উদযাপনের সময় পান্ডিয়া পিঠে জাতীয় পতাকা বেঁধে তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। অভিযোগের আরও গুরুতর অংশে বলা হয়েছে, উদযাপনে মগ্ন হয়ে পান্ডিয়া জাতীয় পতাকা গায়ে জড়ানো অবস্থাতেই বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন, যা ভারতীয় পতাকা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আইনজীবীর মতে, প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা, কিন্তু পান্ডিয়ার এই কাণ্ড জাতীয় পতাকাকে চরমভাবে অপমান করেছে।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পান্ডিয়ার সেই উদযাপনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই মনে করছেন, শিরোপা জয়ের আবেগ থাকলেও জাতীয় পতাকার পবিত্রতা রক্ষা করা আবশ্যক ছিল। এখন দেখার বিষয়, পুনে পুলিশ এই আবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক মামলা দায়ের করে কি না।