ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে হেনা নদীর পুনঃখনন কাজ উদ্বোধনকালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ও রাজনীতি নিয়ে বক্তব্য রেখেছেন। সোমবার (২৩ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি কোন 'বেহেশতের টিকিট' বিক্রি করে না, বরং সৎ কাজ ও ইবাদতের মাধ্যমেই পরকাল মুক্তি সম্ভব।
মন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের নীতি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনোভাবেই ‘মব’ (উশৃঙ্খল জনতা) বা আইন নিজের হাতে তুলে নেওয়া সহ্য করা হবে না। পাশাপাশি দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি জানান, দলীয় পরিচয় যাই হোক, খাল খনন বা সরকারি কাজে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধের কারণে বৈশ্বিক তেলের সংকট চললেও ধৈর্য ধরে সরকারকে কাজ করার সুযোগ দিতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের উন্নয়নে ফ্যামিলি কার্ড ও খাল খননের পাশাপাশি দ্রুতই 'কৃষি কার্ড' চালু করা হবে। জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উল্লেখ্য, ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৫.৮ কিলোমিটার দৈর্ঘ্যর এই খনন প্রকল্পটি আগামী ২৫ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।