১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:২৫:০৩ অপরাহ্ন


ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত, দাবি ইরানি মিডিয়ার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-১০ ১৪:০৩:৪৬
ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত, দাবি ইরানি মিডিয়ার ছবি: সংগৃহীত


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন বলে একটি জল্পনা ছড়িয়েছে ইরানের সংবাদমাধ্যমে। সোমবার (৯ মার্চ) ইরানের তাসনিম নিউজ এজেন্সি প্রথম এই দাবিটি সামনে আনে। তবে চাঞ্চল্যকর এই তথ্যের সপক্ষে কোনো অকাট্য প্রমাণ বা নিশ্চিত কোনো দালিলিক নথি তারা উপস্থাপন করতে পারেনি।

প্রতিবেদনে সরাসরি প্রমাণের বদলে কিছু পরিস্থিতিগত বিষয়কে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। তাসনিম নিউজের দাবি অনুযায়ী, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যমে তার বাসভবনের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করার খবর এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পূর্বনির্ধারিত সফর স্থগিত হওয়ার বিষয়টিকে তারা সন্দেহের চোখে দেখছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর একটি অস্পষ্ট ফোনালাপের রেকর্ডকেও তারা প্রমাণের অংশ হিসেবে হাজির করার চেষ্টা করেছে।

এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে, তাসনিম নিউজের এই প্রতিবেদনের বড় একটি অংশ মূলত সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর ভিত্তি করে তৈরি। এক্স-এ (সাবেক টুইটার) করা ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন এবং তার সঙ্গে থাকা ইতামার বেন-গিভর গুরুতর আহত হয়েছেন। তবে ওই অ্যাকাউন্টটি সত্যিই স্কট রিটারের কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এই ধরনের খবরকে যুদ্ধকালীন 'সস্তা অপপ্রচার' বা 'ষড়যন্ত্র তত্ত্ব' বলে সরাসরি নাকচ করে দিয়েছে। এর আগেও গত ২ মার্চ ইরানের কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে, ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংসসহ নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরবর্তী সময়ে চীনের সিনহুয়াসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সেই খবরটিকে স্রেফ ‘গুজব’ হিসেবে চিহ্নিত করে। বর্তমানের এই নতুন দাবিটিও সেই একই ধারার গুজব কি না, তা নিয়ে পর্যবেক্ষক মহলে সংশয় রয়েছে।