১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:০৪:০১ অপরাহ্ন


যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-২৭ ১৫:০০:৩৫
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার প্রায় ১০ দিন পর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গত রোববার (২৬ এপ্রিল) রাতে ট্যাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে তাঁর শরীরের অংশবিশেষ উদ্ধার করে ফ্লোরিডা পুলিশ। এর আগে গত শুক্রবার একই এলাকায় বৃষ্টির ঘনিষ্ঠ বন্ধু ও সহপাঠী জামিল আহমেদ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত ১৬ এপ্রিল এই দুই মেধাবী শিক্ষার্থী একসাথে নিখোঁজ হন। লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে এই জোড়া খুনের প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। লিমনের মরদেহ একটি ব্রিজের ওপর ট্র্যাশ ব্যাগে ভরা অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশের ধারণা, নাহিদা বৃষ্টিকেও একইভাবে হত্যা করে প্রমাণ লুকানোর জন্য তাঁর দেহাবশেষ বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হয়েছিল। বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন।

খুনি হিশাম বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে কেন এই দুই মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে হিশাম এখনও মুখ খোলেননি। নিহত জামিল লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং নাহিদা বৃষ্টি রাসায়নিক প্রকৌশল বিভাগে পিএইচডি করছিলেন। তাঁরা দুজনেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় ফ্লোরিডাসহ সারা দেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।