মাত্র নয় মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বদল আসলো। বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বোর্ডের ১৬তম সভাপতি তিনি। শুক্রবার বিকালে বোর্ড পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর পরিবর্তনের স্রোতে বিসিবিতেও আসে বদল। ২১ আগস্ট এনএসসির মনোনয়নে প্রথমে বোর্ড পরিচালক হয়ে পরে সভাপতি নির্বাচিত হন ফারুক। তবে মাত্র ৯ মাসের ব্যবধানেই তার জায়গায় নতুন সভাপতি এলো। নতুন সভাপতি আমিনুল ইসলাম জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলেছেন, করেছেন অধিনায়কত্বও।
১৯৮৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৮ সালে। ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্ট খেলেছেন ১৩টি। ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান তিনি।
২০০২ সালে শেষ টেস্ট খেলার আগে ২৬ ইনিংসে করেন ৫৩০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়ানডে দলকেও নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ।