১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৩৪:০২ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়বে : প্রবাসীকল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৮ ১৮:২৬:৩৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়বে : প্রবাসীকল্যাণমন্ত্রী ছবি: আরিফুল হক চৌধুরী


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রবিবার (৮ মার্চ) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই শঙ্কার কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রেমিট্যান্সে কিছু প্রভাব পড়া স্বাভাবিক। তবে দেশের অর্থনীতি সচল রাখা প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে, যা দ্রুতই দৃশ্যমান হবে। বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার হলো প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। এজন্য পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সমন্বয়ে একটি 'মনিটরিং সেল' গঠন করা হয়েছে, যারা প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিদেশে শ্রমবাজার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী জানান, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বাজারগুলোতে বর্তমানে ধীরগতি থাকলেও সরকার বিকল্প হিসেবে পূর্বদিকের দেশগুলোতে নতুন বাজার খোঁজার চেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে, আগামী মাস থেকে এই প্রক্রিয়ায় গতি আসবে। এছাড়া প্রবাসীদের লজিস্টিক সাপোর্ট ও আহতদের চিকিৎসার বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

এর আগে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এদের দমনে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকি এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।