১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৮:৫৯:২৩ অপরাহ্ন


‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ বলে কি বোঝালেন রাশমিকা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৪-০৪ ১৫:০০:১৪
‘এবার দুই থেকে তিন হতে চলেছি’ বলে কি বোঝালেন রাশমিকা ছবি: সংগৃহীত


দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের রেশ কাটতে না কাটতেই নতুন এক ঘোষণা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় রাশমিকা যখন জানালেন, ‘এবার দুই থেকে তিন হতে চলেছি’, তখন মুহূর্তেই সেই খবর ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরাও প্রিয় তারকাকে মাতৃত্বের আগাম শুভেচ্ছায় ভাসিয়ে দিতে থাকেন। তবে এই বিশেষ ঘোষণার আড়ালে লুকিয়ে আছে অন্য এক চমক।

সম্প্রতি স্বামী বিজয় দেবরাকোন্ডা ও বন্ধুদের নিয়ে ‘হানিমুন’-এর পরিবর্তে ‘বাডিমুন’-এ গিয়েছিলেন এই চর্চিত জুটি। সেখান থেকে ফিরেই একটি বিশেষ ভিডিও শেয়ার করে এই ঘোষণা দেন রাশমিকা। তবে ভক্তদের বিভ্রান্তি দূর করে জানা যায়, এই ‘তিন নম্বর সদস্য’ কোনো রক্ত-মাংসের মানুষ নয়, বরং একটি অ্যানিমেশন চরিত্র, যার নাম ‘রু’। মূলত রাশমিকা ও বিজয়ের সৃজনশীল দুনিয়ায় যুক্ত হতে যাচ্ছে এই নতুন সদস্য।

মূলত ‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করেছেন অভিনেত্রী। যেখানে একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেটেড চরিত্রকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষণীয় ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করা হয়। রাশমিকা নিজে একজন বড় ‘অ্যানিমে’ ভক্ত হওয়ায় তার নিজস্ব ব্যক্তিত্বের ছোঁয়াতেই তৈরি হয়েছে এই ‘রু’ চরিত্রটি। জনপ্রিয় সংস্থা ‘টেরিবলি টাইনি টেলস’-এর সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া। এবার সেই বিশেষ প্রজেক্টে যুক্ত হয়েছেন বিজয় দেবরাকোন্ডাও। ফলে তাদের পেশাদার এই নতুন জুটিকে ঘিরেই রাশমিকা ‘দুই থেকে তিন’ হওয়ার কথাটি বলেছিলেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই প্রথমে ভেবেছিলেন রাশমিকা বুঝি মা হতে চলেছেন। অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে তার কমেন্ট বক্স। কিন্তু সত্য সামনে আসার পর অনুরাগীদের সেই বিভ্রান্তি হাসিতে রূপ নিয়েছে। একই সঙ্গে বিজয় ও রাশমিকার এই সৃজনশীল যৌথ উদ্যোগ নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তারকা দম্পতির বাস্তব জীবনের রসায়ন এবার অ্যানিমেশন পর্দায় কেমন জাদু দেখায়, এখন সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা।