১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৯:০০:০৬ অপরাহ্ন


মিড-ডে মিলে পচা খাবার সরবরাহের অভিযোগ: ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৬-০৯ ২০:১৫:৩৯
মিড-ডে মিলে পচা খাবার সরবরাহের অভিযোগ: ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা গ্রেপ্তার ছবি: সংগৃহীত


মাদারীপুরে স্কুল ফিডিং (মিড–ডে মিল) প্রকল্পে মারাত্মক অনিয়ম ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পচা-নষ্ট খাবার সরবরাহের অভিযোগে একটি প্রতিষ্ঠানের দুই দায়িত্বশীল কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানা গেছে, অনিয়মে জড়িত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (৮ জুন) মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে মাদারীপুর সদর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। পরবর্তীতে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আহসানুল হাবিবের আদি বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এবং মো. নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ‘সমতা ট্রেডার্স’ নামের একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শিশুদের জন্য নষ্ট ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাঁদের প্রত্যক্ষ ভূমিকা ও গাফিলতির প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদারীপুর সদর থানা–পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে।

উল্লেখ্য, সম্প্রতি মাদারীপুর সদর এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড–ডে মিলের সরবরাহকৃত খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হওয়ার পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। শিশুদের স্বাস্থ্য ও জীবন নিয়ে এমন ছিনিমিনির ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) জরুরি অনুরোধ জানান এবং এই ন্যাক্কারজনক অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।