১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:০৫:০২ অপরাহ্ন


নিউইয়র্কে বসছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’, থাকছেন বাংলাদেশের তারকারা!
বিনোদন ডেস্ক | ট্রেন্ডনিউজবিডি
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৯-২৪ ১৬:৫৫:৫৯
নিউইয়র্কে বসছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’, থাকছেন বাংলাদেশের তারকারা! ছবি: সংগৃহীত


আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটিতে তারার মেলা; ৫ বছর পর অংশ নিচ্ছেন শাকিব খান, বিশেষ সহযোগিতায় শারমিনা সিরাজ সোনিয়া

      মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লং আইল্যান্ড সিটিতে আবারও জমকালো আয়োজনে বসতে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের অন্যতম পরিচিত সম্মাননা অনুষ্ঠান ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ঐতিহ্যবাহী ইভাঞ্জেল চার্চ সেন্টারে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন জগতের একাধিক নামীদামী তারকাদের নিয়ে এই মেগা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সরাসরি আয়োজিত হবে।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইভেন্ট প্রতিষ্ঠান ‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও প্রধান পৃষ্ঠপোষকতায় এবারের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এতে নেপথ্য সমন্বয়ক ও বিশেষ সহযোগিতায় থাকছেন বিশিষ্ট আমেরিকান উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। এ ছাড়া আয়োজনটি সফল করতে আরও দলগত সহযোগিতা করছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের মিডিয়া অঙ্গনে বিশেষ অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হবে। দীর্ঘ সম্মাননা প্রদান পর্বের পাশাপাশি লং আইল্যান্ড সিটির মঞ্চ মাতাতে থাকবে বাংলাদেশের তারকাদের বিশেষ নাচ ও আন্তর্জাতিক মানের মনোজ্ঞ সংগীত পরিবেশনা।

ইতোমধ্যেই আমেরিকার এই সম্মানজনক অনুষ্ঠানে সশরীরে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান, গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক নিরব, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা, স্পর্শিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, শিরীন শিলা, বিশিষ্ট সংগীতশিল্পী রিজিয়া পারভীন ও এস আই টুটুলসহ একাধিক জনপ্রিয় তারকা।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপক হিসেবে শারমিনা সিরাজ সোনিয়ার অভিষেক। নিউইয়র্কের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি প্রথমবার মূল সঞ্চালকের দায়িত্ব সামলাবেন।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শারমিনা বলেন, "এর আগে নিউইয়র্কের বিশাল এই প্ল্যাটফর্মে উপস্থাপনা করার সুযোগ হয়নি। এবারই প্রথম আমেরিকার অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছি।" তিনি আরও যোগ করেন, ঢালিউড সুপারস্টার শাকিব খান অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে সম্মাননা গ্রহণের পাশাপাশি বিশিষ্টজনদের মাঝে পুরস্কার প্রদান করবেন এবং একক পারফরম্যান্সে অংশ নেবেন। তবে বিচারকদের চূড়ান্ত বিচারে কারা কারা ২০২৬ সালের এই বিশেষ সম্মাননা স্মারক হাতে তুলবেন, তা মূল অনুষ্ঠানের দিন গোপন খামে প্রকাশ করা হবে।

‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর মঞ্চে অন্যতম নিয়মিত মুখ গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। ব্লকবাস্টার ‘মনপুরা’ চলচ্চিত্র মুক্তির পর ২০১০ সালে প্রথমবার নিউইয়র্কের এই আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরও একাধিকবার এই সম্মাননায় ভুষিত হওয়া চঞ্চল চৌধুরী এবারের জমকালো আয়োজনের জন্য শুভকামনা জানিয়েছেন।

অন্যদিকে, প্রবাসী আত্মীয়দের কারণে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত থাকা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াও অনুষ্ঠানে অংশগ্রহণের খবর নিশ্চিত করেছেন। চলতি মাসের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন, তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পুনরায় যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। অন্যদিকে, বর্তমানে কানাডায় অবস্থানরত অভিনেত্রী শিরীন শিলাও অনুষ্ঠান শুরুর আগেই নিউইয়র্কে পৌঁছানোর পরিকল্পনা করছেন।

সংগীত বিভাগে মঞ্চ মাতাতে প্রস্তুতি নিচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন। এর আগেও একাধিকবার ঢালিউড অ্যাওয়ার্ডে গান গেয়ে প্রবাসীদের মুগ্ধ করা এই শিল্পী এবারও সুরের মূর্চ্ছনায় দর্শক মাতিয়ে রাখার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, ঢালিউড সুপারস্টার শাকিব খান দীর্ঘ প্রায় পাঁচ বছর পর পুনরায় যুক্তরাষ্ট্রে আয়োজিত এই সাংস্কৃতিক মঞ্চে অংশ নিতে যাচ্ছেন। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে সর্বশেষ অংশ নিয়েছিলেন তিনি।