১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৪৫:১৩ অপরাহ্ন


শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-২৯ ২০:২৬:৪৫
শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল ছবি: সংগৃহীত


টলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় খবরটি নিশ্চিত করে জানান, সকালে সবাই মিলে তালসারিতে শুটিং করছিলেন। প্যাকআপের পর রাহুল কয়েকটি অতিরিক্ত শট দেওয়ার কথা বলে সৈকতে নামেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সৈকতের চোরাবালিতে আটকে বা উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তিনি তলিয়ে যান। ইউনিটের টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টলিউড আর্টিস্ট ফোরামের সদস্য অভিনেতা দিগন্ত বাগচী জানান, রাহুল যখন ডুবে যাচ্ছিলেন তখন টেকনিশিয়ানরা চিৎকার করে তাকে উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধার করার সময়ও তার শরীরে প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।

সুস্থ ও প্রতিভাবান এই অভিনেতার এমন আকস্মিক বিদায়ে স্তম্ভিত সহকর্মী ও ভক্তরা। দিঘার মনোরম পরিবেশে কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।