১১ অক্টোবর ২০২৬, রবিবার, ০৭:৩৯:০৮ অপরাহ্ন


তানজিন তিশার বিরুদ্ধে মারধোরের অভিযোগ সামিয়া অথৈর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০২৬-০৩-০৩ ১৮:৩৪:১৯
তানজিন তিশার বিরুদ্ধে মারধোরের অভিযোগ সামিয়া অথৈর ছবি: সংগৃহীত


জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন একটি নাটকের শুটিং চলাকালে মানিকগঞ্জে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার মাধ্যমে এই অভিযোগ সামনে আনেন ভুক্তভোগী অভিনেত্রী সামিয়া অথৈ। ফেসবুক লাইভে এসে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং পুরো ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সামিয়া অথৈ জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল একটি উপহারকে কেন্দ্র করে। গত ২ মার্চ তানজিন তিশার নতুন সিনেমার খবর শুনে খুশি হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে গিয়েছিলেন অথৈ। কিন্তু তিশা সেই উপহার গ্রহণ করতে তো অস্বীকার করেনই, বরং অত্যন্ত রুক্ষ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অথৈ মানসিকভাবে আহত হলেও কাজের স্বার্থে চুপ থাকেন। তবে মূল অপ্রীতিকর ঘটনাটি ঘটে পরের দিন অর্থাৎ ৩ মার্চ শুটিংয়ের দৃশ্য ধারণের সময়। অভিযোগ অনুযায়ী, একটি দৃশ্যের অভিনয়ের সুযোগ নিয়ে তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দেন, যাতে তার হাত ছুলে রক্ত বের হয়ে যায়।

ঘটনাটি তখন উপস্থিত সবার নজরে আসে। শুটিং মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন জ্যেষ্ঠ অভিনেতা শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। তিশার এমন অপেশাদার আচরণ দেখে সেলিম বিস্ময় প্রকাশ করেন এবং অথৈয়ের কাছে জানতে চান তাদের মধ্যে আগে থেকে কোনো বিরোধ ছিল কি না। তখন অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময় তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। তিশা দাবি করেছিলেন ফারহান তার ‘জামাই’, তাই যেন তার সঙ্গে আর কাজ না করা হয়। অথৈয়ের অভিযোগ, সেই পুরনো ক্ষোভ মেটাতেই তিশা শুটিংয়ের অজুহাতে তার ওপর শারীরিক আক্রমণ চালিয়েছেন।

সবচেয়ে মর্মান্তিক বিষয় ঘটে নাটকের শেষ দৃশ্যের শুটিংয়ে। সামিয়া অথৈ দাবি করেন, শুটিংয়ের শেষ পর্যায়ে তিশা তাকে চোখে-মুখে প্রহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এতে অথৈয়ের চোখ-মুখ ফুলে যায় এবং তিনি প্রচণ্ড অপমানিত বোধ করেন। এই ঘটনার পর সামিয়া অথৈ স্থির করেছেন যে তিনি চুপ থাকবেন না। তিনি এই অপমান ও শারীরিক লাঞ্ছনার বিচার চেয়ে দ্রুতই অভিনয়শিল্পী সংঘে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেবেন। অন্যদিকে, এই গুরুতর অভিযোগের বিষয়ে তানজিন তিশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।